৪১ (ভরসেল্‌স নগরে রাজপুরী ও উদ্যান।) কত যে কি খেলা তুই খেলিস্ ভুবনে, রে কাল, ভুলিতে কে তা পারে এই স্থলে? কোথা সে রাজেন্দ্র এবে, যার ইচ্ছা-বলে বৈজয়ন্ত-সম ধাম এ মর্ত্য-নন্দনে শোভিল? হরিল কে সে নরাপ্সরা-দলে, নিত্য যারা, নৃত্য-গীতে এসুখ-সদনে, মজাইত রাজ-মনঃ, কাম-কুতূহলে? কোথা বা সে কবি, যারা, বীণার স্বননে, (কথারূপ ফুলপুঞ্জ ধরি পুট করে) পূজিত সে রাজপদ? কোথা রথী যত, গাণ্ডীবী-সদৃশ যারা প্রচণ্ড সমরে? কোথা মন্ত্রী বৃহস্পতি? তোর হাতে হত। রে দুরন্ত, নিরন্তর যেমত সাগরে চলে জল, জীব-কুলে চালাস্ সে মত।