কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয়       পৃথিবী ভ’রে গিয়েছে এই ভোরের বেলা; কাঁচা বাতাবীর মতো সবুজ ঘাস— তেম্নি সুঘ্রাণ—       হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আমারো ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো       গেলাসে-গেলাসে পান করি, এই ঘাসের শরীর ছানি– চোখে চোখ ঘষি,       ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হ’য়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস-মাতার       শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। — শ্রেষ্ঠ কবিতা (1954)