পণ্ডিতবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে লক্ষ্য করিয়া শুনেছি লোকের মুখে পীড়িত আপনি হে ঈশ্বরচন্দ্র! বঙ্গে বিধাতার বরে বিদ্যার সাগর তুমি; তব সম মণি, মলিনতা কেন কহ ঢাকে তার করে? বিধির কি বিধি সূরি, বুঝিতে না পারি, হেন ফুলে কীট কেন পশিবারে পারে? করমনাশার স্রোত অপবিত্র বারি ঢালি জাহ্নবীর গুণ কি হেতু নিবারে? বঙ্গের সুচূড়ামণি করে হে তোমারে সৃজিলা বিধাতা, তোমা জানে বঙ্গজনে; কোন পীড়ারূপ অরি বাণাঘাতে পারে বিঁধিতে, হে বঙ্গরত্ন! এহেন রতনে? যে পীড়া ধনুক ধরি হেন বাণ হানে (রাক্ষসের রূপ ধরি), বুঝিতে কি পার, বিদীর্ণ বঙ্গের হিয়া সে নিষ্ঠুর বাণে? কবিপুত্র সহ মাতা কঁদে বারম্বার।