৫৮ (উর্ব্বশী।) যথা তুষারের হিয়া, ধবল-শিখরে, কভু নাহি গলে রবি-বিভাব-চুম্বনে কামানলে; অবহেলি মন্মথের শরে রথীন্দ্র, হেরিলা, জাগি, শয়ন-সদনে (কনক-পুতলী যেন নিশার স্বপনে) উর্ব্বশীরে। “কহ, দেবি, কহ এ কিঙ্করে,”— সুধিলা সম্ভাষি শূর সুমধুর স্বরে, “কি হেতু অকালে হেথা, মিনতি চরণে?” উন্মদা মদন-মদে, কহিলা উর্ব্বশী; “কামাতুরা আমি, নাথ, তোমার কিঙ্করী; সরের সুকান্তি দেখি যথা পড়ে খসি কৌমুদিনী তার কোলে, লও কোলে ধরি দাসীরে; অধর দিয়া অধর পরশি, যথা কৌমুদিনী কাঁপে, কাঁপি থরথরি।”