৯৮ (রৌদ্র-রস।) শুনিনু গম্ভীর-ধ্বনি গিরির গহ্বরে, ক্ষুধার্ত্ত কেশরী যেন নাদিছে ভীষণে; প্রলয়ের মেঘ যেন গর্জ্জিছে গগনে; সচূড়ে পাহাড় কাঁপে থর থর থরে, কাঁপে চারি দিকে বন যেন ভূকম্পনে; উথলে অদূরে সিন্ধু যেন ক্রোধ-ভরে, যবে প্রভঞ্জন আসে নির্ঘোষ ঘোষণে। জিজ্ঞাসিনু ভারতীরে জ্ঞানার্থে সত্বরে! কহিলা মা,—“রৌদ্র নামে রস, রৌদ্র অতি, রাখি আমি, ওরে বাছা, বাঁধি এই স্থলে, (কৃপা করি বিধি মোরে দিলা এ শকতি) বাড়বাগ্নি মগ্ন যথা সাগরের জলে। বড়ই কর্কশ-ভাষী, নিষ্ঠুর, দুর্গতি, সতত বিবাদে মত্ত, পুড়ি রোষানলে।”