৫৭ (সুভদ্রা।) যথা ধীরে স্বপ্ন-দেবী রঙ্গে সঙ্গে করি মায়া—নারী-রত্নোত্তমা রূপের সাগরে,— পশিলা নিশায় হাসি মন্দিরে সুন্দরী সত্যভামা, সাথে ভদ্রা, ফুল-মালা করে। বিমলিল দীপ-বিভা; পূরিল সত্বরে সৌরভে শয়নাগার, যেন ফুলেশ্বরী সরোজিনী প্রফুল্লিলা আচম্বিতে সরে, কিম্বা বনে বন-সখী সুনাগকেশরী! সিহরি জাগিলা পার্থ, যেমতি স্বপনে সম্ভোগ-কৌতুকে মাতি সুপ্ত জন জাগে;— কিন্তু কাঁদে প্রাণ তার সে কু-জাগরণে, সাধে সে নিদ্রায় পুনঃ বৃথা অনুরাগে। তুমি, পার্থ, ভাগ্য-বলে জাগিলা সুক্ষণে, মরতে স্বরগ-ভোগ ভোগিতে সোহাগে।