৭৮ (তারা।) নিত্য তোমা হেরি প্রাতে ওই গিরি-শিরে কি হেতু, কহ তা মোরে, সূচারু-হাসিনি? নিত্য অবগাহি দেহ শিশিরের নীরে, দেও দেখা, হৈমবতি, থাকিতে যামিনী। বহে কলকল রবে স্বচ্ছ প্রবাহিনী গিরি-তলে; সে দর্পণে নিরখিতে ধীরে ও মুখের আভা কি লো, আইস, কামিনি, কুসুম-শয়ন থুয়ে সুবর্ণ মন্দিরে?— কিম্বা, দেহ কারাগার তেয়াগি ভূতলে, স্নেহ-কারী জন-প্রাণ তুমি দেব-পুরে, ভাল বাসি এ দাসেরে, আইস এ ছলে হৃদয় আঁধার তার খেদাইতে দূরে? সত্য যদি, নিত্য তবে শোভ নভস্তলে, জুড়াও এ আঁখি দুটী নিত্য নিত্য ঊরে॥