৭৭ (শিশুপাল।) নর-পাল-কুলে তব জনম সুক্ষণে শিশুপাল! কহি শুন, রিপুরূপ ধরি, ওই যে গরুড়-ধ্বজে গরজেন ঘনে বীরেশ, এ ভব-দহে মুকতির তরি! টঙ্কারি কার্ম্মুক, পশ হুহুঙ্কারে রণে; এ ছার সংসার মায়া অন্তিমে পাসরি; নিন্দাছলে বন্দ, ভক্ত, রাজীব-চরণে। জানি, ইষ্টদেব তব, নহেন হে অরি বাসুদেব; জানি আমি বাগ্‌দেবীর বরে। লৌহদন্ত হল, শুন, বৈষ্ণব সুমতি, ছিঁড়ি ক্ষেত্র-দেহ যথা ফলবান করে সে ক্ষেত্রে; তোমায় ক্ষণ যাতনি তেমতি আজি, তীক্ষ্ণ শর-জালে বধি এ সমরে, পাঠাবেন সুবৈকুণ্ঠে সে বৈকুণ্ঠ-পতি।