৫৬ * * * * নহি আমি, চারু-নেত্রা, সৌমিত্রি কেশরী; তবে কেন পরাভুত না হব সমরে? চন্দ্র-চূড়-রথী তুমি, বড় ভয়ঙ্করী, মেঘনাদ-সম শিক্ষা মদনের বরে। গিরির আড়ালে থেকে, বাঁধ, লো সুন্দরি, নাগ-পাশে অরি তুমি; দশ গোটা শরে কাট গণ্ডদেশ তার, দণ্ড লো অধরে; মুহুর্মুহুঃ ভূকম্পনে অধীর লো করি!— এ বড় অদ্ভুত রণ! তব শঙ্খ-ধ্বনি শুনিলে টুটে লো বল। শ্বাস-বায়ু-বাণে ধৈরয-কবচ তুমি উড়ায়ে, রমণি, কটাক্ষের তীক্ষ্ণ অস্ত্রে বিঁধ লো পরাণে।— এতে দিগম্বরী-রূপ যদি, সুবদনি, ত্রস্ত হয়ে ব্যস্তে কে লো পরাস্ত না মানে?