বাক্য যাঁহারে বর্ণিতে নারে, বচন সৃষ্টি যাঁ’র, তিনিই ব্রহ্ম; লোকে যাহা পূজে তাহা কতটুকু তাঁর! মন যাঁরে মনে করিতে না পারে, মন কল্পনা যাঁর, তিনিই ব্রহ্ম; লোকে যাহা পূজে তাহাই করোনা সার। নয়ন যাঁহারে পায় না দেখিতে, নয়ন রচনা যাঁর, তিনিই ব্রহ্ম; লোকে নাহি জানে পূর্ণ-প্রকাশ তাঁর। কান যাঁর কথা শুনিতে না পায়, কানেরে শোনান্ যিনি, তিনিই ব্রহ্ম; লোকে যাহা পূজে শুধু তাই নন্ তিনি। প্রাণ অপারগ যার প্রণিধানে, প্রাণের প্রণেতা যিনি, তিনিই ব্রহ্ম; লোকে যাহা বলে শুধু তাই নন্ তিনি। ভাল মতে তাঁরে আমি ও জানিনে, জানিনে যে তাহা নয়, এটুকু যে জন জানে অনুভবে,—জেনেছে তারি হৃদয়। যে ভাবে জানিনে সে কিছু জেনেছে; জানেনা—যে ভাবে জানি; ধারণা ধরিতে পারে না তাঁহারে, যে কহে তাহারে মানি। অন্তরযামী বলি’ যে তাঁহারে জেনেছে—অমৃত তা’রি, আত্মার বলে বিদ্যায় লভি’ অমৃতের অধিকারী। তলবকারোপনিষৎ।