কে? কে ছিল আদিতে? কে রাখিল ধরি’ দ্যুলোকে ভূলোকে আপন স্থানে? কে অদ্বিতীয় পতি সকলের? কোন্ দেবে পূজি হব্যদানে? শকতি ও প্রাণ যে করিল দান? দেবতারা যাঁর শাসন মানে? মৃত্যু অমৃত ভৃত্য যাঁহার? কারে পুজি মোরা হব্য-দানে? যিনি মহিমায় করেন বিরাজ নিখিল জীবের নয়নে প্রাণে? পশু, পাখী, নর, যাঁহার অধীন? কা’র পূজা করি হব্য-দানে? রসের আধার সমুদ্র আর? হিমাচল যাঁর কীর্ত্তি জানে? দিকে দিকে যাঁর অভয় হস্ত? কোন্ দেবে পূজি’ হব্যদানে? অসীম ব্যোমের পরিমাণ করি,’— বাতাস উজলি’ কিরণ-স্নানে,— পৃথিবীরে দৃঢ় ক’রেছেন যিনি? কারে পূজি মোরা হব্যদানে? লভি’ প্রতিষ্ঠা ক্রন্দসী যাঁর নিরত নিয়ত মহিমা গানে? যাঁহার বিভায় দীপ্ত তপন? কার পূজা করি হব্য-দানে? ত্রিভুবন-ব্যাপী সলিল-গর্ভে জাত জাতবেদা যাঁহারে আনে? নিথিল দেবের জীবন-বস্তু? কোন্ দেবে পূজি হব্যদানে? নিপুণ চক্ষে বিপুল বিশ্ব যিনি হেরিলেন সলিলাধানে, সকল দেবের অধিদেব যিনি? কারে পূজি মোরা হব্য-দানে? পৃথিবীর পিতা, স্বর্গ-জনিতা, তিন লোক বাঁধা যাঁর বিধানে, তিনি যেন কভু না হ’ন বিমুখ, যাঁরে পূজি মোরা হব্য-দানে। সকল প্রজার প্রজাপতি! দেব! বিশ্ব শাসিতে কে আর জানে? মোদের আহুতি করছে গ্রহণ, কামনা পূরাও কাম্য-দানে। হিরণ্য-গর্ভ ঋষি।