আমারে মার্জ্জনা কর, হে কবি-সমাজ! —এতক্ষণ গাহিলাম যাহাদের গান,— ভুল যদি ঘটে থাকে ক্ষমা কর, আজ বিদায়ের অশ্রুজলে হোক অবসান আমার সকল ত্রুটি। ভালবাসি ব’লে,— চেয়েছিম বাড়াইতে তোমাদের যশ, গিয়েছিনু ছড়াইতে নব নব দলে তোমাদের অন্তরের চির-নব রস;— আনন্দের আত্মীয়তা করিতে স্থাপন— লঙ্ঘিয়া সকল বাধা,—ভাষা, কাল, দেশ, বর্ণ, জাতি, পাঁতি, কুল;—ছিল এ মনন; নাহি জানি কি করিতে করিনু কি শেষ। সুদূর অতীত হ’তে পা’ব কি ইঙ্গিত?— ব্যর্থ কি সার্থক, হায়, আজিকার গীত!