ওই গো সন্ধ্যা আসিছে আবার, স্পন্দিত-সচেতন বৃন্তে বৃন্তে ধূপাধার সম ফুলগুলি ফেলে শ্বাস; ধ্বনিতে গন্ধে ঘূর্ণি লেগেছে, বায়ু করে হাহুতাশ, সান্দ্র ফেনিল মূর্চ্ছা-শিথিল নৃত্য-আবর্ত্তন! বৃন্তে বৃন্তে ধূপাধার সম ফুলগুলি ফেলে শ্বাস, শিহরি’ গুমরি’ বাজিছে বেহালা যেন সে ব্যথিত মন; সান্দ্র-ফেনিল মূর্চ্ছা-শিথিল নৃত্য-আবর্ত্তন! সুন্দর-ম্লান, বেদী, সুমহান্ সীমাহীন নীলাকাশ। শিহরি’ গুমরি’ বাজিছে বেহালা যেন সে ব্যথিত মন, অগাধ আঁধার নির্ব্বাণ-মাঝে নাহি পাই আশ্বাস; সুন্দর-ম্লান বেদী সুমহান্ সীমাহীন নীলাকাশ, ঘনীভূত নিজ শোণিতে সূর্য্য হ’য়েছে অদর্শন! অগাধ আধার নির্ব্বাণ মাঝে নাহি পাই আশ্বাস, ধরার পৃষ্ঠে মুছে গেছে শেষ আলোকের লক্ষণ; ঘনীভূত নিজ শোণিতে সূর্য্য হয়েছে অদর্শন, স্মৃতিটি তোমার জাগিছে হৃদয়ে, পড়িছে আকুল শ্বাস। বদ্‌লেয়ার।