(একটি মালাই পান্তুমের হুগো কৃত ফরাসী অনুবাদ হইতে) প্রজাপতিগুলি খেলিয়া ফিরিছে পাখার ভরে, শৈল-মেখলা সিন্ধুর কূলে গেল গো তারা! পঞ্জরতলে মন কাঁদে মোর কাহার তরে, জন্ম অবধি সারাটা জীবন এমনি ধারা। শৈল-মেখলা সিন্ধুর কুলে গেল গো তারা! গৃধ্র উড়িল-চলিল সে বান্তামের পানে; জনম অবধি সারাটা জীবন এমনি ধারা, কিশোর মুরতি বড় ভাল লাগে মোর নয়ানে। গৃধ্র উড়িয়া চলে ওই বান্তামের পানে, পত্তনপুরে পৌঁছি’ গুটায় পক্ষ দুটি; কিশোর মুরতি বড় ভাল লাগে মোর নয়নে, তবু ভাল যারে বাসি তার মত নাইক দুটি। পত্তনপুরে গৃধ্র গুটায় পক্ষ দু’টি, যুগল কপোত চলেছে উড়িয়া দেখ গো চাহি; ভাল যারে বাসি তার মত আর নাইক দু’টি, মরম-দুয়ার খুঁজে নিতে তার তুল্য নাহি।