পাপিয়ার তান না ফুরাতে, রবি, সহসা যেমন ক’রে নিষ্প্রভ করি’ দ্যায় রশ্মিতে মন্থর শশধরে, তেমনি করিয়া, সূর্য্যের মত উজ্জ্বল তব রূপ, কণ্ঠ আমার করেছে হরণ; গান একেবারে চুপ! উতলা বাতাস সহসা যেমন দ্রুত পাখাভরে আসি’ জোর ফুঁয়ে ভেঙে ফেলে গো কীচক,—তার সবে-ধন বাঁশী; তেমনি করিয়া আবেগের ঝড় আমারে করে গো ক্ষীণ, ভালবাসা মোর অমিত বলিয়া ভালবাসা ভাষাহীন। নয়ন আমার সে কথা তোমারে জানায়েছে নিশ্চয়;— কেন যে বাঁশরী নীরব আমার বীণা সে মৌন রয়; সে কথাটি যদি না পার বুঝিতে বিদায়, বিদায় সাকী, না-পাওয়া চুমার, না-গাওয়া গানের স্মৃতি লয়ে আমি থাকি। ওয়াইল্‌ড্‌।