চারিদিকে বহিল বাতাস,— তুলিয়া সাগর বক্ষে সংক্ষোভ ভীষণ; অন্তস্তল করিয়া বিকাশ উন্মাদ তরঙ্গ তীরে ধার অগণন। কলরবে কাঁদিল মানব, সশব্দে ছিঁড়িয়া যায় নৌকার বাঁধন; উঠি’ মেঘ সহসা ভৈরব নিল হরি’ নীলাকাশ, রবির কিরণ! কাল নিশি নামিল সাগরে, আকাশে অশনি ঘোর করে গরজন; ব্যোম-পথে বিদ্যুৎ বিহরে, গ্রাসিতে ছুটিয়া আসে আসন্ন মরণ৷ ঝঞ্ঝা ধায় গভীর স্বননে, গগন চুমিতে চায় তরঙ্গ পাগল; গর্জ্জিয়া সাগর-স্রোত হানে— ছিন্ন পাল, ভগ্ন দাঁড়, তরুণী বিকল৷ ভগ্ন-চূড়া পাহাড়ের মত ধেয়ে আসে জলরাশি নাচি’ নিরবধি;— তুলে শিরে কাহারে ত্বরিতে, কাহারে অতল-তলে জীবন্ত সমাধি৷ ভার্জ্জিল।