মেঘমালা আদি-অন্তহীন! ভাসিয়া আসি গো মোরা মানবের নেত্রপথে, শিশিরে মাজিয়া তনু ক্ষীণ! ছাড়িয়া গভীর শাস্তিময় উচ্চভাষী সাগরের,— পিতা যিনি আমাদের,— সুখময় তাঁহার নিলয়,— যাই মোরা উচ্চ গিরিকূটে; আঁখি মেলি’ একবার দেখে লই চারিধার, গিরি সাজে বিটপী মুকুটে। দেখি কত অর্ব্বুদ গিরির, ভ্রুকুটি করিয়া চায় আছে সদা পাহারায় সর্ব্ব-জীব-ধাত্রী পৃথিবীর! দিই মোরা শস্যের জনম; চিরস্রোতা তটিনীর মন্দ্রভাষী জলধির শুনি গান নিত্য মনোরম। দেখি তীক্ষ্ণ দিবার নয়ন; চেয়ে আছে অনিমিখ্ পূর্ণ করি’ দশদিক, দেখি সূর্য্য অশ্রান্ত-কিরণ! মোদের অমর কায়া‘পরে পরিয়া ঝটিকাবাস হাসি মোরা অট্টহাস, দৃপ্ত রবি দেখি হেলা ভরে; মর্ত্ত্যভূমি আতঙ্কে শিহরে! এরিষ্টোফেনিস।