৪৫ (শ্মশান।) বড় ভাল বাসি আমি ভ্রমিতে এ স্থলে,— তত্ত্ব-দীক্ষা-দায়ী স্থল জ্ঞানের নয়নে। নীরবে আসীন হেথা দেখি ভস্মাসনে মৃত্যু,—তেজোহীন আঁখি, হাড়-মালা গলে, বিকট অধরে হাসি, যেন ঠাট-ছলে! অর্থের গৌরব বৃথা হেথা—এ সদনে— রূপের প্রফুল্ল ফুল শুষ্ক হুতাশনে, বিদ্যা, বুদ্ধি, বল, মান, বিফল সকলে। কি সুন্দর অট্টালিকা, কি কুটীর-বাসী, কি রাজা, কি প্রজা, হেথা উভয়ের গতি। জীবনের স্রোতঃ পড়ে এ সাগরে আসি। গহন কাননে বায়ু উড়ায় যেমতি পত্র-পুঞ্জে, আয়ু-কুঞ্জে, কাল, জীব-রাশি উড়ায়ে, এ নদ-পাড়ে তাড়ায় তেমতি।