৪৬ (করুণা-রস।) সুন্দর নদের তীরে হেরিনু সুন্দরী বামারে, মলিন-মুখী, শরদের শশী রাহুর তরাসে যেন! সে বিরলে বসি, হৃদে কাঁদে সুবদনা; ঝরঝরে ঝরি, গলে অশ্রু-বিন্দু, যেন মুক্তা-ফল খসি। সে নদের স্রোতঃ অশ্রু পরশন করি, ভাসে, ফুল কমলের স্বর্ণকান্তি ধরি, মধুলোভী মধুকরে মধুরসে রসি, গন্ধামোদী গন্ধবহে সুগন্ধ প্রদানি। না পারি বুঝিতে মায়া, চাহিনু চঞ্চলে চৌদিকে; বিজন দেশ; হৈল দৈব-বাণী;— “কবিতা-রসের স্রোতঃ এ নদের ছলে; করুণা বামার নাম—রস-কুলে রাণী; সেই ধন্য, বশ সতী যার তপোবলে!”