৪৪ (বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে।) হায় রে, কোথা সে বিদ্যা, যে বিদ্যার বলে, দূরে থাকি পার্থ রথী তোমার চরণে প্রণমিলা, দ্রোণগুরু! আপন কুশলে তুষিলা তোমার কর্ণ গোগৃহের রণে? এ মম মিনতি, দেব, আসি অকিঞ্চনে শিখাও সে মহাবিদ্যা এ দূর অঞ্চলে। তা হলে, পূজিব আজি, মজি কুতূহলে, মানি যাঁরে, পদ তাঁর ভারত-ভবনে! নমি পায়ে কব কানে অতি মৃদু স্বরে,— বেঁচে আছে আজু দাস তোমার প্রসাদে; অচিরে ফিরিব পুনঃ হস্তিনা নগরে; কেড়ে লব রাজ-পদ তব আশীর্ব্বাদে।— কত যে কি বিদ্যা-লাভ দ্বাদশ বৎসরে করিনু, দেখিবে, দেব, স্নেহের আহ্লাদে।