৮৬ (রামায়ণ।) সাধিনু নিদ্রায় বৃথা সুন্দর সিংহলে।— স্মৃতি, পিতা বাল্মীকির বৃদ্ধ-রূপ ধরি, বসিলা শিয়রে মোর; হাতে বীণা করি, গাইলা সে মহাগীত, যাহে হিয়া জ্বলে, যাহে আজু আঁখি হতে অশ্রু-বিন্দু গলে! কে সে মুঢ় ভূভারতে, বৈদেহি সুন্দরি, নাহি আর্দ্রে মনঃ যার তব কথা স্মরি, নিত্য-কান্তি কমলিনী তুমি ভক্তি-জলে! দিব্য চক্ষুঃ দিলা গুরু; দেখিনু সুক্ষণে শিলা জলে; কুম্ভকর্ণ পশিল সমরে, চলিল অচল যেন ভীষণ ঘোষণে, কাঁপায়ে ধরায় ঘন ভীম-পদ-ভরে। বিনাশিলা রামানুজ মেঘনাদে রণে; বিনাশিলা রঘুরাজ রক্ষোরাজেশ্বরে।