৮৫ (সংস্কৃত।) কাণ্ডারী-বিহীন তরি যথা সিন্ধু-জলে সহি বহু দিন ঝড়, তরঙ্গ-পীড়নে, লভে কূল কালে, মন্দ পবন-চালনে; সে সুদশা আজি তব সুভাগ্যের বলে, সংস্কৃত, দেব-ভাষা মানব-মণ্ডলে, সাগর-কল্লোল-ধ্বনি, নদের বদনে, বজ্রনাদ, কম্পবান্ বীণা-তার-পণে!— রাজাশ্রম আজি তব! উদয়-অচলে, কনক-উদয়াচলে, আবার, সুন্দরি, বিক্রম-আদিত্যে তুমি হের লো হরষে, নব আদিত্যের রূপে। পূর্ব্ব-রূপ ধরি, ফোট পুনঃ পূর্ব্বরূপে, পুনঃ পূর্ব্ব-রসে! এত দিনে প্রভাতিল দুখ-বিভাবরী; ফোট মনানন্দে হাসি মনের সরসে।