৮৭ (হরিপর্ব্বতে দ্রৌপদীর মৃত্যু।) যথা শমী, বন-শোভা, পবনের বলে, আঁধারি চোদিক, পড়ে সহসা সে বনে; পড়িলা দ্রৌপদী সতী পর্ব্বতের তলে।— নিবিল সে শিখা, যার সুবর্ণ-কিরণে উজ্জ্বল পাণ্ডব-কুল মানব-মণ্ডলে! অস্তে গেলা শশীকলা মলিনি গগনে! মুদিলা, শুখায়ে, পদ্ম সরোবর-জলে! নয়নের হেম-বিভা ত্যজিল নয়নে!— মহাশোকে পঞ্চ ভাই বেড়ি সুন্দরীরে কাঁদিলা, পূরি সে গিরি রোদন-নিনাদে; দানবের হাতে হেরি অমরাবতীরে শোকার্ত্ত দেবেন্দ্র যথা ঘোর পরমাদে। তিতিল গিরির বক্ষঃ নয়নের নীরে; প্রতিধ্বনি-ছলে গিরি কাঁদিল বিষাদে।