৭২ (পুৰ়ুরবা) যথা ঘোর বনে ব্যাধ বধি অজাগরে, চিরি শিরঃ তার, লভে অমূল রতনে; বিমুখি কেশীরে আজি, হে রাজা, সমরে, লভিলা ভুবন-লোভ তুমি কাম-ধনে! হে সুভগ, যাত্রা তব বড় শুভ ক্ষণে!— ঐ যে দেখিছ এবে, গিরির উপরে, আচ্ছন্ন, হে মহীপতি, মূৰ্চ্ছা-রূপ ঘনে চাঁদেরে, কে ও, তা জান? জিজ্ঞাস সত্বরে, পরিচয় দেবে সখী, সমুখে যে বসি। মানসে কমল, বলি, দেখেছ নয়নে; দেখেছ পূর্ণিমা-রাত্রে শরদের শশী; বধিয়াছ দীর্ঘ-শৃঙ্গী কুরঙ্গে কাননে;— সে সকলে ধিক্ মান! ওই হে উর্ব্বশী! সোণার পুতলি যেন, পড়ি অচেতনে।