৭৩ (ঈশ্বরচন্দ্র গুপ্ত।) স্ৰোতঃ-পথে বহি যথা ভীষণ ঘোষণে ক্ষণ কাল, অল্পায়ুঃ পয়োরাশি চলে বরিষায় জলাশয়ে; দৈব-বিড়ম্বনে ঘটিল কি সেই দশা সুবঙ্গ-মণ্ডলে তোমার, কোবিদ বৈদ্য? এই ভাবি মনে,— নাহি কি হে কেহ তব বান্ধবের দলে, তব চিতা-ভস্মরাশি কুড়ায়ে যতনে, স্নেহ-শিল্পে গড়ি মঠ, রাখে তার তলে? আছিলে রাখাল-রাজ কাব্য-ব্রজধামে জীবে তুমি; নানা খেলা খেলিলা হরষে; যমুনা হয়েছ পার; তেঁই গোপগ্রামে সবে কি ভুলিল তোমা? স্মরণ-নিকষে, মন্দ-স্বর্ণ-রেখা-সম এবে তব নামে নাহি কি হে জ্যোতিঃ, ভাল স্বর্ণের পরশে?