৭১ (সাংসারিক জ্ঞান।) “কি কাজ বাজায়ে বীণা; কি কাজ জাগায়ে “সুমধুর প্রতিধ্বনি কাব্যের কাননে? “কি কাজ গরজে ঘন কাব্যের গগনে “মেঘ-রূপে, মনোরূপ ময়ূরে নাচায়ে? “স্বতরিতে তুলি তোরে বেড়াবে কি বায়ে “সংসার-সাগর-জলে, স্নেহ করি মনে “কোন জন? দেবে অন্ন অৰ্দ্ধ মাত্র খায়ে, “ক্ষুধায় কাতর তোরে দেখি রে তোরণে? “ছিঁড়ি তার-কুল, বীণা ছুড়ি ফেল দূরে।”— কহে সাংসারিক জ্ঞান—ভবে বৃহস্পতি। কিন্তু চিত্ত-ক্ষেত্রে যবে এ বীজ অঙ্কুরে, উপাড়ে ইহায় হেন কাহার শকতি? উদাসীন-দশা তার সদা জীব-পুরে, যে অভাগা রাঙা পদ ভজে, মা ভারতি!