পাষাণময় যে দেশ, সে দেশে পড়িলে বীজকুল, শস্য তথা কখন কি ফলে? কিন্তু কত মনানন্দ তুমি মোরে দিলে, হে পুরুল্যে! দেখাইয়া ভকত-মণ্ডলে! শ্রীভ্রষ্ট সরস সম, হায়, তুমি ছিলে, অজ্ঞান-তিমিরাচ্ছন্ন এ দূর জঙ্গলে; এবে রাশি রাশি পদ্ম ফোটে তব জলে, পরিমল-ধনে ধনী করিয়া আনিলে! প্রভুর কি অনুগ্রহ! দেখ ভাবি মনে, (কত ভাগ্যবান্‌ তুমি কব তা কাহারে?) রাজাসন দিলা তিনি ভূপতিত জনে। উজলিলা মুখ তব বঙ্গের সংসারে; বাড়ুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সত্যতা-স্রোতে নিত্য তব তরি।