নাহি পাই নাম তব বেদে কি পুরাণে, কিন্তু বঙ্গ-অলঙ্কার তুমি যে তা জানি পূর্ব্ব-বঙ্গে। শোভ তুমি এ সুন্দর স্থানে ফুলবৃন্তে ফুল যথা, রাজাসনে রাণী॥ প্রতি ঘরে বাঁধা লক্ষ্মী (থাকে এইখানে) নিত্য অতিথিনী তব দেবী বীণাপাণি। পীড়ায় দুর্ব্বল আমি, তেঁই বুঝি আনি সৌভাগ্য, অর্পিলা মোরে (বিধির বিধানে) তব করে, হে সুন্দরি! বিপজ্জাল যবে বেড়ে কারো, মহৎ যে সেই তার গতি। কি হেতু মৈনাক গিরি ডুবিল অর্ণবে? দ্বৈপায়ন হ্রদতলে কুরুকুলপতি? যুগে যুগে বসুন্ধরা সাধেন মাধবে, করিও না ঘৃণা মোরে, তুমি, ভাগ্যবতি।