৩৫ (প্রাণ।) কি সুরাজ্যে, প্রাণ, তব রাঙ্গ-সিংহাসন! বাহু-রূপে দুই রথী দুর্জ্জয় সমরে, বিধির বিধানে পুরী তব রক্ষা করে;— পঞ্চ অনুচর তোমা সেৰে অনুক্ষণ। সুহাসে ঘ্রাণেরে গন্ধ দেয় ফুলবন; যতনে শ্রবণ আনে সুমধুর স্বরে; সুন্দর যা কিছু আছে, দেখায় দর্শন ভূতলে, সুনীল নভে, সর্ব্ব চরাচরে! স্পর্শ, স্বাদ, সদা ভোগ যোগায়, সুমতি! পদরূপে দুই বাজী তব রাজ-দ্বারে; জ্ঞান-দেব মন্ত্রী তব—ভবে বৃহস্পতি;— সরস্বতী অবতার রসনা সংসারে। স্বর্ণস্রোতোরূপে লহু, অবিরল-গতি, বহি অঙ্গে, রঙ্গে ধনী করে হে তোমারে!