৩৬ (কল্পনা।) লও দাসে সঙ্গে রঙ্গে, হেমাঙ্গি কল্পনে, বাগ্‌দেবীর প্রিয়সখি, এই ভিক্ষা করি; হায় গতিহীন আমি দৈব-বিড়ম্বনে,— নিকুঞ্জ-বিহারী পাখী পিঞ্জর-ভিতরি! চল যাই মনানন্দে গোকুল-কাননে, সরস বসন্তে যথা রাধাকান্ত হরি নাচিছেন, গোপীচয়ে নাচায়ে; সঘনে পূরি বেণুরবে দেশ! কিম্বা, শুভঙ্করি, চল লো, আতঙ্কে যথা লঙ্কায় অকালে পূজেন উমায় রাম, রঘুরাজ-পতি; কিম্বা সে ভীষণ ক্ষেত্রে, যথা শরজালে নাশিছেন ক্ষত্রকুলে পার্থ মহামতি।— কি স্বরগে, কি মরতে, অতল পাতালে, নাহি স্থল যথা, দেবি, নহে তব গতি!