৩৪ (বসন্তে একটি পাখীর প্রতি।) নহ তুমি পিক, পাখি, বিখ্যাত ভারতে, মাধবের বার্ত্তাবহ; যার কুহরণে ফোটে কোটি ফুলপুঞ্জ মঞ্জু, কুঞ্জবনে!— তবুও সঙ্গীত-রঙ্গ করিছ যে মতে গায়ক, পুলক তাহে জনমে এ মনে! মধুময় মধুকাল সর্ব্বত্র জগতে,— কে কোথা মলিন কবে মধুর মিলনে, বসুমতী সতী যবে রত প্রেমব্রতে?— দুরস্ত কৃতান্ত-সম হেমন্ত এ দেশে নির্দ্দয়; ধরার কষ্টে দুষ্ট তুষ্ট অতি! না দেয় শােভিতে কভু ফুলরত্নে কেশে, পরায় ধবল বাস বৈধব্যে যেমতি!— ডাক তুমি ঋতুরাজে, মনােহর বেশে সাজাতে ধরায় আসি, ডাক শীঘ্রগতি!