৪৫ (শৃঙ্গার-রস।) শুনিনু নিদ্রায় আমি, নিকুঞ্জ-কাননে, মনোহর বীণা-ধ্বনি;—দেখিনু সে স্থলে রূপস পুরুষ এক কুসুম-আসনে, ফুলের চৌপর শিরে, ফুল-মালা গলে। হাত ধরাধরি করি নাচে কুতূহলে চৌদিকে রমণী-চয়, কামাগ্নি-নয়নে,— উজলি কানন-রাজি বরাঙ্গ-ভূষণে, ব্রজে যথা ব্রজাঙ্গনা রাস-রঙ্গ-ছলে! সে কামাগ্নি-কণা লয়ে, সে যুবক, হাসি, জ্বালাইছে হিয়াবৃন্দে; ফুল-ধনুঃ ধরি, হানিতেছে চারি দিকে বাণ রাশি রাশি, কি দেব, কি নর, উভে জর জর করি! “কামদেব অবতার রস-কুলে আসি, শৃঙ্গার রসের নাম!” জাগিনু শিহরি।