“বৌ-দিদি” বৌ-দিদি চাস্‌? বোন্‌টি আমার, বৌ-দিদি তোর চাই? তারার হাটে খুঁজব এবার দেখব যদি পাই! তুই যে মোদের পুণ্যপ্রভা,— ঠাকুর ঘরের দীপ; তোর মতটিই আন্‌তে হ’বে পুণ্য হোমের টিপ্‌। স্বপ্ন-দেবীর পাখা দু’খান্‌ ধার ক’রে-না-নিয়ে, ঝড়ের রাতে বেরিয়ে যাব কারেও না জানিয়ে; ধর্‌ব গিয়ে ঝড়ের বেগে রামধনুকের ডোর, রামধনুকের একটি রেখা বৌ-দি’ হ’বে তোর! ডুবব সোজা সাগর জলে সূর্য্যালোকের মত, প্রবাল-গুহায় অপ্সরীরা নাইতে যেথায় রত, পরীরাণীর মুকুটখানি আন্‌ব সাথে মোর; সেই মুকুটের মধ্য-মণি বৌদি’ হবে তোর! পক্ষীরাজের পিঠেতে সাজ মুখে লাগাম দিয়ে, যাদু-জানা পাগল্‌-পানা কল্পনাকে নিয়ে, সটান্ গিয়ে কল্প-লোকের আন্‌ব সে মন্দার, বৌদি’ তোমার সেই তো হ’বে; বোন্‌টি গো আমার। ডিরোজিয়ো।