৩ (অন্নপূর্ণার ঝাঁপি।) মোহিনী-রূপসী-বেশে ঝাঁপি কাঁখে করি, পশিছেন, ভবানন্দ, দেখ তব ঘরে অন্নদা! বহিছে শূন্যে সঙ্গীত-লহরী, অদৃশ্যে অপ্সরাচয় নাচিছে অম্বরে।— দেবীর প্রসাদে তোমা রাজপদে বরি, রাজাসন, রাজছত্র, দেবেন সত্বরে রাজলক্ষ্মী; ধন-স্রোতে তব ভাগ্যতরি ভাসিবে অনেক দিন, জননীর বরে। কিন্তু চিরস্থায়ী অর্থ নহে এ সংসারে; চঞ্চলা ধনদা রমা, ধনও চঞ্চল; তবু কি সংশয় তব, জিজ্ঞাসি তোমারে? তব বংশ-যশঃ-ঝাঁপি—অন্নদামঙ্গল— যতনে রাখিবে বঙ্গ মনের ভাণ্ডারে, রাখে যথা সুধাহতে চন্দ্রের মণ্ডল॥