২ (কমলে কামিনী।) কমলে কামিনী আমি হেরিনু স্বপনে কালিদহে। (বসি বামা শতদল-দলে নিশীথে চন্দ্রিমা যথা সরসীর জলে মনোহরা।) বাম করে সাপটি হেলনে গজেশে, গ্রাসিছে তারে উগরি সঘনে। গুঞ্জরিছে অলিপুঞ্জ অন্ধ পরিমলে, বহিছে দহের বারি মৃদু কলকলে।— কার না ভোলে রে মনঃ, এ হেন ছলনে! কবিতা-পঙ্কজ-রবি, শ্রীকবিকঙ্কণ, ধন্য তুমি বঙ্গভূমে! যশঃ-সুধাদানে অমর করিলা তোমা অমরকারিণী বাগ্‌দেবী। ভোগিলা দুখ জীবনে, ব্রাহ্মণ, এবে কে না পূজে তোমা, মজি তব গানে?— বঙ্গ-হৃদ-হ্রদে চণ্ডী কমলে কামিনী॥