৪ (কাশীরাম দাস।) চন্দ্রচূড়-জটাজালে আছিলা যেমতি জাহ্নবী, ভারত-রস ঋষি দ্বৈপায়ন, ঢালি সংস্কৃত-হ্রদে রাখিলা তেমতি;— তৃষ্ণায় আকুল বঙ্গ করিত রোদন। কঠোরে গঙ্গায় পূজি ভগীরথ ব্রতী, (সুধন্য তাপস ভবে, নর-কুল-ধন!) সগর-বংশের যথা সাধিলা মুকতি, পবিত্রিলা আনি মায়ে, এ তিন ভুবন; সেই রূপে ভাষা-পথ খননি স্ববলে, ভারত-রসের স্রোতঃ আনিয়াছ তুমি জুড়াতে গৌড়ের তৃষা সে বিমল জলে। নারিবে শোধিতে ধার কভু গৌড়ভূমি। মহাভারতের কথা অমৃত-সমান। হে কাশি, কবীশদলে তুমি পুণ্যবান্॥