নারী-বন্দনা। (মলয় উপদ্বীপ) ললাট তোমার সিত পক্ষের তৃতীয়ার ক্ষীণ চাঁদ, আধ-ফুটন্ত যূথিকার কলি স্ফুরিত নাসার ছাঁদ; রাঙা দুটি গাল,—পুষ্ট রসাল, ধরেছে মাত্র রং, নেবু গন্ধের তৃণের মতন কচি আঙুলের ঢং! কুন্তল ঘন গন্ধ মগন গুবাক-ফুলের কাঁধি, জোড়া-ভুরু যেন আকাশের পাথী চিত্রে রেখেছে বাঁধি’! নয়নে তোমার শুক্র-তারার চির-উজ্জল বিভা, পেকে-ফেটে-যাওয়া ডালিমের মত ওষ্ঠ অধর কিবা; তিনটি রেখায় নিবিড় লেখায় শোভিত কণ্ঠ তা’য়, ক্ষীণ কটি যেন ফুলের বৃন্ত হিল্লোলে দোলে হায়!