গোলাপে ফুটাও তুমি সৌন্দর্য্য তোমার, জ্যোতি তব ঊষার কিরণে; পাপিয়ার কলস্বনে তোমারি মাধুরী, মরালের শুভ্রতা বরণে! জাগরণে স্বপ্ন সম সঙ্গে তুমি মোর, চন্দ্র সম নিশীথে তন্দ্রায়; আর্দ্র কর, স্নিগ্ধ কর, মৃগনাভি সম, মুগ্ধ কর রাগিণীর প্রায়। তবু যদি সাধি তোমা’ ভিখারীর মত দেখা মোরে দিতে করুণায়; বল তুমি “রহি অবগুণ্ঠনের মাঝে, এ রূপ দেখাতে নারি হায়!” তৃষা আর তৃপ্তি মাঝে র’বে ব্যবধান— অর্থহীন এ অবগুণ্ঠন? আমার আনন্দ হ’তে সৌন্দর্য্য তোমার দূরে রাখে কোন্ আবরণ? একি গো সমর-লীলা তোমায় আমায়? ক্ষমা দাও, মাগি পরিহার; মরমের (ও) মর্ম্ম যাহা তাই তুমি মোর, জীবনের জীবন আমার! সরোজিনী নাইডু।