মানব-সন্তান। যত্নে রেখ এই ক্ষুদ্র মানব সন্তানে, ক্ষুদ্র,— তবু অন্তরে সে ধরে বিশ্বম্ভরে; শিশুরা জন্মের আগে রশ্মিরাশিরূপে চঞ্চল পুলকভরে ফিরে নীলাম্বরে। আসে তা’রা আমাদের অন্যায়ের দেশে, বিধাতা পাঠান শুধু দিন দুই তরে; শিশুর অস্পষ্টভাষে তাঁরি বাণী ফুটে, ক্ষমার বারতা তাঁর শিশু-হাসে ক্ষরে। তা’দের সে স্ফূর্ত্তি ভাতে আমাদের চোখে, স্বর্গ কাঁদে শিশু যদি কাঁদে গো ক্ষুধায়; আনন্দে তা’দের যে গো চির-অধিকার, তা’রা ব্যথা পেলে বিশ্ব কাঁদে যাতনায়। নির্ম্মল সে ফুলদলে রস যদি মরে,— বিশ্বজনে পরশে তবে সে অপরাধ; মানুষের ঘরে, মরি, দেবতা বিহরে! হায় রে, নিগূঢ় নভস্তলে বজ্রনাদ— জাগে,— যবে ভগবান ফিরেন খুঁজিয়া সেই সব শিশু,— হায়, যা’রা ধরাতলে এসেছিল একদিন দেবতার সাজে,— এবে যা’রা ছিন্নবাসে,— সিক্ত অশ্রুজলে। ভিক্তর হুগো