২৪ (কুসুমে কীট।) কি পাপে, কহ তা মোরে, লো বন-সুন্দরি, কোমল হৃদয়ে তব পশিল,—কি পাপে— এ বিষম যমদূত? কাঁদে মনে করি পরাণ যাতনা তব; কত যে কি তাপে পোড়ায় দুরন্ত তোমা, বিষদন্তে হরি বিরাম দিবস নিশি! ‌মৃদে কি বিলাপে এ তোমার দুখ দেখি সখী মধুকরী, উড়ি পড়ি তব গলে যবে লো সে কাঁপে? বিষাদে মলয় কি লো, কহ, সুবদনে, নিশ্বাসে তোমার ক্লেশে, যবে লো সে আসে যাচিতে তোমার কাছে পরিমল-ধনে? কানন-চন্দ্রিমা তুমি কেন রাহু-গ্রাসে? মনস্তাপ-রূপে রিপু, হায়, পাপ-মনে, এই রূপে, রূপবতি, নিত্য সুখ নাশে!