২৩ (ছায়া-পথ।) কহ মোরে, শশিপ্রিয়ে, কহ, কৃপা করি, কার হেতু নিত্য তুমি সাজাও গগনে, এ পথ,—উজ্জ্বল কোটি মণির কিরণে? এ সুপথ দিয়া কি গো ইন্দ্রাণী সুন্দরী; আনন্দে ভেটিতে যান নন্দন-সদনে মহেন্দ্রে,—সঙ্গেতে শত বরাঙ্গী অপ্সরী, মলিনি ক্ষণেক কাল চারু তারা-গণে— সৌন্দর্য্যে?—এ কথা দাসে কহ, বিভাবরি। রাণী তুমি; নীচ আমি; তেঁই ভয় করে, অনুচিত বিবেচনা পার করিবারে আলাপ আমার সাথে; পবন-কিঙ্করে,— ফুল-কুল সহ কথা কহ দিয়া যারে, দেও কয়ে; কহিবে সে কানে, মৃদু স্বরে, যা কিছু ইচ্ছহ, দেবি, কহিতে আমারে!