২৫ (বটবৃক্ষ।) দেব-অবতার ভাবি বন্দে যে তোমারে, নাহি চাহে মনঃ মোর তাহে নিন্দা করি, তরুরাজ! প্রত্যক্ষতঃ ভারত-সংসারে, বিধির করুণা তুমি তরু-রূপ ধরি! জীবকুল-হিতৈষিণী, ছায়া সু-সুন্দরী, তোমার দুহিতা, সাধু! যবে বসুধারে দগধে আগ্নেয় তাপে, দয়া পরিহরি, মিহির, আকুল জীব বাঁচে পূজি তাঁরে। শত-পত্রময় মঞ্চে, তোমার সদনে, খেচর—অতিথি-ব্রজ, বিরাজে সতত, পদ্মরাগ ফলপুঞ্জে ভুঞ্জি হৃষ্ট-মনে;– মৃদু-ভাষে মিষ্টালাপ কর তুমি কত, মিষ্টালাপি, দেহ-দাহ শীতলি যতনে! দেব নহ; কিন্তু গুণে দেবতার মত।