চাঁদের চুমায় জাগিয়া উঠেছি বিথারি’ অমল ছত্র, আমি কুমুদিনী নৈশ-বাতাসে খুলেছি সুরভি-সত্র! অন্ধ ভ্রমর বন্ধ রয়েছে মুদিত কমল-বক্ষে, জোনাকী আমার বন্ধু এসেছে জোছনা আহরি’ পক্ষে! গোপন করেছে প্রাচীন রোহিত তার হরিহর মূর্ত্তি, আলোক-লিপ্ত লহরে এখন জাগে শফরীর স্ফূর্ত্তি! কূলে দেউলের অঙ্গে লেগেছে সময়ের মসী চিহ্ন, আমার বঁধুর অমল পরশে সে মসী ছিন্ন ভিন্ন! চির-দক্ষিণ নায়ক—আমার মরম বুঝিতে দক্ষ; সুষমা যে শোষে দস্যুর মত কে চাহে তাহার সখ্য! সূর্য্যেরে আমি দূর হ’তে নমি, ভালবাসি আমি ইন্দু, লক্ষ যোজন দূরে থেকে মোরে দেছে সে অমৃত বিন্দু।