৫ (কৃত্তিবাস) জনক জননী তব দিলা শুভ ক্ষণে কৃত্তিবাস নাম তোমা!— কীর্ত্তির বসতি সতত তোমার নামে সুবঙ্গ-ভবনে, কোকিলের কণ্ঠে যথা স্বর, কবিপতি, নয়নরঞ্জন-রূপ কুসুম-যৌবনে, রশ্মি মাণিকের দেহে। আপনি ভারতী, বুঝি কয়ে দিলা নাম নিশার স্বপনে, পূর্ব্ব-জনমের তব স্মরি হে ভকতি! পবন-নন্দন হনু, লঙ্ঘি ভীমবলে সাগর, ঢালিলা যথা রাঘবের কানে সীতার বারতা-রূপ সঙ্গীত-লহরী;— তেমতি, যশস্বি, তুমি সুবঙ্গ-মণ্ডলে গাও গো রামের নাম সুমধুর তানে, কবি-পিতা বাল্মীকিকে তপে তুষ্ট করি!