৬ (জয়দেব।) চল যাই, জয়দেব, গোকুল-ভবনে তব সঙ্গে, যথা রঙ্গে তমালের তলে শিখীপুচ্ছ-চূড়া শিরে, পীতধড়া গলে নাচে শ্যাম, বামে রাধা— সৌদামিনী ঘনে! না পাই যাদবে যদি, তুমি কুতূহলে পূরিও নিকুঞ্জরাজী বেণুর স্বননে। ভুলিবে গোকুল-কুল এ তোমার ছলে,— নাচিবে শিখিনী সুখে, গাবে পিকগণে,— বহিবে সমীর ধীরে সুস্বর-লহরী,— মৃদুতর কলকলে কালিন্দী আপনি চলিবে। আনন্দে শুনি সে মধুর ধ্বনি, ধৈরজ ধরি কি রবে ব্রজের সুন্দরী? মাধবের রব, কবি, ও তব বদনে, কে আছে ভারতে ভক্ত নাহি ভাবে মনে?