১ (বঙ্গভাষা।) হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;— তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি! কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ, মজিনু বিফল তপে অবরণ্যে বরি;— কেলিনু শৈবলে, ভুলি কমল-কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে,— “ওরে বাছা, গৃহে তব রতনের রাজি, এ ভিখারী-দশা তবে কেন তোর আজি? যা ফিরি অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে।” পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে॥