শিশি বলে, “মে’টে সরা, তুই শুধু মাটি, নির্ম্মল আমার দেহ, স্বচ্ছ, পরিপাটি; অনাদরে গৃহকোণে ফে’লে রাখে তোরে, আমারে তুলিয়া রাখে কত যত্ন ক’রে!” মেটে সরা কহে, “ভায়া, গর্ব্ব কর দূর, হাত থেকে প’ড়ে গেলে দুজনাই চূর; আরো এক কথা, ভাই, জেনে রে’খ খাঁটি, আমি মাটি, তোমারও বুনিয়াদ মাটি!”