৭ (কালিদাস।) কবিতা-নিকুঞ্জে তুমি পিককুল-পতি। কার গো না মজে মনঃ ও মধুর স্বরে? শুনিয়াছি লোক-মুখে আপনি ভারতী, সৃজি মায়াবলে সরঃ বনের ভিতরে, নব নাগরীর বেশে তুষিলেন বরে তোমায়; অমৃত রসে রসনা সিকতি, আপনার স্বর্ণ বীণা অর্পিলা ও করে।— সত্য কি হে এ কাহিনী, কহ, মহামতি? মিথ্যা বা কি বল্যে বলি! শৈলেন্দ্র-সদনে, লভি জন্ম মন্দাকিনী (আনন্দ জগতে!) নাশেন কলুষ যথা এ তিন ভুবনে; সঙ্গীত-তরঙ্গ তব উথলি ভারতে (পুণ্যভূমি!) হে কবীন্দ্র, সুধা-বরিষণে, দেশ-দেশান্তরে কর্ণ তোষে সেই মতে।