৫৩ (গোগৃহ-রণে।) হুহুঙ্কারি টঙ্কারিল। ধনুঃ ধনুর্দ্ধারী ধনঞ্জয়, মৃত্যুঞ্জয় প্রলয়ে যেমতি! চৌদিকে ঘেরিল বীরে রথ সারি সারি, স্থির বিজলীর তেজঃ, বিজলীর গতি!—— শর-জালে শূর-ব্রজে সহজে সংহারি শূরেন্দ্র, শোভিলা পুনঃ যথা দিনপতি, প্রখর কিরণে মেঘে খ-মুখে নিবারি, শোভেন অম্লানে নভে। উত্তরের প্রতি কহিলা আনন্দে বলী;—“চালাও স্যন্দনে, বিরাট-নন্দন, দ্রুতে, যথা সৈন্য-দলে লুকাইছে দুর্য্যোধন হেরি মোরে রণে, তেজস্বী মৈনাক যথা সাগরের জলে বজ্রাগ্নির কাল তেজে ভয় পেয়ে মনে।— দণ্ডিব প্রচণ্ডে দুষ্টে গাণ্ডীবের বলে।”