৫২ (গদা-যুদ্ধ।) দুই মত্ত হস্তী যথা ঊর্দ্ধ শুণ্ড করি, রকত-বরণ আঁখি, গরজে সঘনে,— ঘুরায়ে ভীষণ গদা শূন্যে, কাল রণে, গরজিলা দুর্য্যোধন, গরজিলা অরি ভীমসেন। ধূলা-রাশি, চরণ-তাড়নে উড়িল; অধীরে ধরা পর পর ধরি কাঁপিলা;— টলিল গিরি সে ঘন কম্পনে; উথলিল দ্বৈপায়নে জলের লহরী, ঝড়ে যেন! যথা মেঘ, বজ্রানলে ভরা, বজ্রানলে ভরা মেঘে আঘাতিলে বলে, উজলি চৌদিক তেজে, বহিরায় ত্বরা বিজলী; গদায় গদা লাগি রণ-স্থলে, উগরিল অগ্নি-কণা দরশন হরা! আতঙ্কে বিহঙ্গ-দল পড়িল ভূতলে॥